ঘরোয়া ক্রিকেটে ভালো করে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন নাঈম শেখ। বাজে ফর্মের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন কুমার দাশও ফিরেছেন দলে। তাদের সঙ্গে ফিরেছেন মারকুটে ব্যাটার শামীম হোসেনও।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর এখনও ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সেই টুর্নামেন্টের পর অবসরে চলে যান দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। স্বাভাবিকভাবেই তারা দলে নেই। সেই দল থেকে বাদ পড়েছেন কেবল স্পিনার নাসুম আহমেদ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি সৌম্য সরকারকে।
দলে ফেরা নাঈম এ পর্যন্ত ৮ ওয়ানডে খেলেতে করেছেন ১৩.৫৭ গড়ে ৯৫ রান; স্ট্রাইক রেট ৬০.৫০। সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২৩ এশিয়া কাপে।
এরপর ঢাকা প্রিমিয়ার লিগের গত দুই আসরে পাঁচশর বেশি রান করেন তিনি। ২০২৪ সালের লিগে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেন ৫৩৬ রান। চলতি বছরের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ইনিংসে ২টি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার সংগ্রহ ছিল ৬১৮ রান। স্ট্রাইক রেটের উন্নতি ছিল চোখে পড়ার মতো, ১২১.৮৯। নিরেট পরিসংখ্যানের বাইরে তার ব্যাটিংয়ের ধরনেও দেখা গেছে পরিবর্তন। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও বললেন, ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের খেলার ধরনে উন্নতির ছাপ দেখেছেন তারা।
নাঈমের মতোই ২০২৩ এশিয়া কাপে সবশেষ ওয়ানডে খেলেছেন শামীম। লোয়ার মিডল-অর্ডারে মাহমুদউল্লাহর অবসরে তার সামনে এখন আবার ওয়ানডে খেলার সম্ভাবনা। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দলের নিয়মিত মুখ ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন। এই সংস্করণে সবশেষ ৮ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩৫ রান। সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর এবার ওয়ানডেতে নতুন শুরুর সুযোগ অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের। গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে ডাক পান তানভির। এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন ৬টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ১৩ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।
আগামী ২ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ। ৫ জুলাই একই মাঠে দ্বিতীয় ম্যাচ। ৮ জুলাই শেষ ম্যাচ পাল্লেকেলেতে। বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
দলে ফিরলেন: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
অবসর: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ
চোট: সৌম্য সরকার
বাদ: নাসুম আহমেদ